মোথাবাড়ি কাণ্ডে বিস্ফোরক মোফাক্কেরুল, NIA কি পেল বড় প্রমাণ!
মালদহের মোথাবাড়ি ও কালিয়াচক-২ ব্লকে সাতজন বিচারককে দীর্ঘক্ষণ আটকে রেখে নিগ্রহের ঘটনায় উত্তেজনা অব্যাহত রয়েছে। গত ১ এপ্রিল ভোটার তালিকা সংক্রান্ত অসন্তোষকে কেন্দ্র করে এই অনভিপ্রেত ঘটনা ঘটেছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করার পর মূল অভিযুক্ত আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে এনআইএ।
আদালতের শুনানিতে কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে, ডিজিটাল তথ্য ও সাক্ষীদের বয়ানের ভিত্তিতে ঘটনার গভীরে পৌঁছাতে এবং মূল চক্রীদের খুঁজে বের করতে অভিযুক্তকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা জরুরি। অন্যদিকে, অভিযুক্তের আইনজীবীর দাবি, মোফাক্কেরুল ইসলাম ঘটনাস্থলে থাকলেও তিনি উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেছিলেন এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে ফাঁসানো হয়েছে। অভিযুক্ত বর্তমানে জেল হেফাজতে রয়েছেন এবং আগামী ১৭ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি ধার্য করেছে আদালত।