ভোটের মুখে সোনারপুরে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে তুলকালাম!

বর্তমান ডেস্কঃ

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি ঘিরে ফের উত্তপ্ত সোনারপুর, তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপির

সোনারপুর: ভোটপ্রচারের আবহে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের নামে ফর্ম বিলি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র। বিজেপির বিরুদ্ধে টাকার প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। তাঁর দাবি, ফর্ম ফিলাপের নাম করে মহিলাদের কাছ থেকে আধার কার্ডের তথ্য নেওয়া হচ্ছে, যা ভোটারদের গোপনীয়তা লঙ্ঘনের সামিল। পাশাপাশি, এই কর্মকাণ্ডকে বিহারের প্রতারণার ছকের সঙ্গে তুলনা করে তৃণমূলের পক্ষ থেকে সোনারপুর ব্লক প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পাল্টা জবাবে বিজেপি নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এটি কোনো জালিয়াতি নয়, বরং দলের ইস্তেহার বা ‘সংকল্প পত্রের’ প্রচার। বিজেপি দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি মনোরঞ্জন জোরদ্দার জানান, মহিলাদের ৩ হাজার টাকা ভাতার প্রতিশ্রুতিসহ দলের ইস্তেহার প্রচারের অংশ হিসেবে ‘ভরসা কার্ড’ বিতরণ করা হচ্ছে। এদিকে, ভোটের মুখে এই ‘ফর্ম রাজনীতি’ ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল বাড়ানো হয়েছে এবং নির্বাচন কমিশন পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *