মঞ্চে উঠে হুমায়ুনকে আক্রমণ, ভোটের প্রচারে চরম বিশৃঙ্খলা!

নির্বাচনী প্রচারে হুমায়ুন কবীরের নিরাপত্তা বিঘ্ন, স্বরাষ্ট্রমন্ত্রকের তলব রিপোর্ট

মুর্শিদাবাদের নওদায় নির্বাচনী জনসভায় যোগ দেয়ার সময় ‘আম জনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান হুমায়ুন কবীরের নিরাপত্তা বলয় ভেঙে এক যুবকের মঞ্চে উঠে আসার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে জনসভায় বক্তব্য রাখার সময় ওই যুবক আচমকা মঞ্চে উঠে হুমায়ুন কবীরকে জাপটে ধরে টানাটানি শুরু করেন। যদিও নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, তবে ‘ওয়াই প্লাস’ (Y+) ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা বলয় এড়িয়ে কীভাবে ওই ব্যক্তি সরাসরি নেতার নাগাল পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনার পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক হুমায়ুন কবীরের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। হুমায়ুন কবীর এটিকে ওই যুবকের ‘অতিরিক্ত আবেগ’ বলে অভিহিত করে কোনো অভিযোগ দায়ের না করলেও, নিরাপত্তার ফাঁকফোকর খতিয়ে দেখে শুক্রবার থেকেই তাঁর সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এদিকে, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নওদা ও রেজিনগর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতাকারী হুমায়ুন কবীর জানিয়েছেন, কোনো ষড়যন্ত্রের আশঙ্কা থাকলেও তিনি স্বাভাবিক ছন্দেই নির্বাচনী প্রচার চালিয়ে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *