তৃণমূল কর্মীদের হাতে ভুয়ো প্রেস কার্ড, বিস্ফোরক দাবি শুভেন্দুর!
ভুয়ো প্রেস কার্ড ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টার অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস এবং ‘ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি’ (আইপ্যাক)-এর যোগসাজশে ভুয়ো প্রেস পরিচয়পত্র তৈরি করা হচ্ছে। বিরোধী দলনেতার দাবি, এই নকল কার্ড ব্যবহার করে তৃণমূল কর্মীরা সংবাদমাধ্যমের প্রতিনিধি সেজে ভোটকেন্দ্র এবং প্রশাসনিক দপ্তরে অবাধে যাতায়াত করছে, যা আসন্ন নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতাকে বিঘ্নিত করতে পারে।
শুভেন্দু অধিকারীর মতে, এই কর্মকাণ্ডের মাধ্যমে তৃণমূল কৌশলে নিজেদের কর্মীদের ভোটকেন্দ্রে মোতায়েন করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারি এড়িয়ে কাজ করছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশনের কাছে গত কয়েক মাসে ইস্যু হওয়া সমস্ত নতুন প্রেস কার্ড ও অ্যাক্রেডিটেশন লেটার পুনরায় যাচাইয়ের আবেদন জানিয়েছেন। পাশাপাশি, কেবল স্বীকৃত ও প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের সাংবাদিকদেরই ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়ার এবং সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানোর জন্য জেলা প্রশাসন ও পুলিশকে কঠোর নির্দেশ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।