১১০০ কোটির সম্পত্তি আর ২৬ কোপ, মহন্ত খুনের নেপথ্যে ভয়ংকর চক্রান্ত!

রাজস্থানের কোটায় চন্দ্রশাল মঠের প্রধান পুরোহিত দেবানন্দ মহারাজকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে পুলিশ। গত ৫ জুন তাঁকে বাড়ির বাইরে ২৬ বার ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়। পুলিশি তদন্তে জানা গেছে, মঠের ট্রাস্টের নিয়ন্ত্রণ, ৩৪৫ বিঘা মূল্যবান জমি এবং ব্যাংকে গচ্ছিত ৪ কোটি টাকার অধিকার নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। এই মামলায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে এক নামী আইনজীবী এবং মঠের এক সহ-পুরোহিতসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, জমি সংক্রান্ত দীর্ঘ আইনি লড়াইয়ের ফয়সালা মঠের পক্ষে আসায় সম্পত্তির নিয়ন্ত্রণ নিতেই এই খুন করা হয়। অভিযোগ রয়েছে, আইনজীবী সন্তোষ কুমার রাই মামলা লড়ার নাম করে ট্রাস্টের অন্দরে প্রবেশ করেন এবং দেবানন্দ মহারাজের বিরুদ্ধে একটি গোষ্ঠী তৈরি করেন। এছাড়া মঠের নিয়ম না মানা ও নির্দিষ্ট একটি সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে দেবানন্দ মহারাজের ওপর ক্ষোভ ছিল। গত পাঁচ মাস ধরে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছিল। চাপের মুখে নতি স্বীকার না করায় ১ লক্ষ টাকা সুপারি দিয়ে পেশাদার খুনিদের মাধ্যমে তাঁকে হত্যা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে এক নাবালক ছাড়াও আইনজীবী, সহ-পুরোহিত, প্রমাণ লোপাটের দায়ে অভিযুক্তের স্ত্রী এবং এক প্রহরী রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *