নাকাশিপাড়ায় ১১০০ বিঘা জমি দখল ও গাছ পাচার! অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ ১২ জনের বিরুদ্ধে মামলা

নদিয়ার নাকাশিপাড়ায় ১১০০ বিঘা সরকারি খাস জমি দখল, মাটি চুরি ও মূল্যবান গাছ পাচারের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ মোট ১২ জনের বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে কৃষ্ণনগরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ কুমার মণ্ডল নাকাশিপাড়া থানাকে আগামী ২৭ জুনের মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ২৭ জুলাই এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

মামলাকারী পক্ষের দাবি, নাকাশিপাড়ার ২৪ নম্বর মৌজার ওই জমিটি ২০২০ সালে লিজের মেয়াদ শেষে সরকারি খাস সম্পত্তিতে পরিণত হয়। এরপর থেকে সেখানে সাড়ে ৪০০ বিঘা জমির মাটি অবৈধভাবে খনন করে বিক্রি, কয়েক হাজার সেগুন ও মেহগনি গাছ পাচার এবং স্থানীয় আদিবাসীদের ওপর উচ্ছেদের হুমকির অভিযোগ উঠেছে। আইনজীবী শীর্ষেন্দু দাসের অভিযোগ, এই দুর্নীতির নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ ও পরোক্ষ মদত রয়েছে। অভিযুক্তদের তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি শাহজাহান শেখ, বিদ্যুৎ সরকার ও সমীর প্রামাণিকসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *