জরুরি অবস্থার সেই ভয়াবহ স্মৃতি, কী হবে কার ভাগ্যে!

আগরতলায় ‘সংবিধান হত্যা দিবস’ পালনে জরুরি অবস্থার স্মৃতিচারণ করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: ১৯৭৫ সালের ২৫ জুন দেশে ঘোষিত জরুরি অবস্থার ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে ত্রিপুরায় পালিত হলো ‘সংবিধান হত্যা দিবস’। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেন, তৎকালীন সময়ে ইন্দিরা গান্ধী নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন, যা ছিল দেশের ইতিহাসে এক কলঙ্কিত ও অন্ধকার অধ্যায়। মুখ্যমন্ত্রী সেই সময়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে জানান, জরুরি অবস্থা ঘোষণার সময় ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী সুখময় সেনগুপ্তের শাসনামলে রাজ্যে এক শ্বাসরূদ্ধকর ও আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই সময়ে তাঁকে ব্যক্তিগতভাবেও এলাহাবাদ রেলওয়ে স্টেশনে তিনদিন আটকে থাকতে হয়েছিল বলেও তিনি স্মৃতিচারণ করেন।

কেন্দ্রীয় সরকারের ঘোষণার প্রেক্ষিতে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, আগামী প্রজন্ম ও যুব সমাজ যাতে জরুরি অবস্থার সেই কালো দিনগুলো ভুলে না যায় এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও সংবিধানের মর্যাদা বজায় রাখার শপথ নিতে পারে, তার জন্যই এই দিনটি পালন করা হচ্ছে। সেই সঙ্গে একনায়কতান্ত্রিক মানসিকতাকে রুখে দিয়ে ভবিষ্যতে সচেতনতা গড়ে তোলার উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী টিংকু রায় এবং আরএসএস-এর প্রচারক পীযূষ কান্তি ভট্টাচার্যসহ দলের অন্যান্য নেতৃত্ব। বর্তমান প্রজন্মের কাছে জরুরি অবস্থার সেই অন্ধকার সময়ের বাস্তব চিত্র তুলে ধরতেই বিজেপি এই দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *