হাওড়ায় তৃণমূলে ধস, কংগ্রেসে যোগদানের হিড়িকে বদলাচ্ছে রাজনীতির সমীকরণ!
হাওড়ায় জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক বিশেষ যোগদান শিবিরে তৃণমূল কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলের বহু কর্মী-সমর্থক আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত এই কর্মসূচিকে রাজ্যের পরিবর্তিত রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল। দলবদলকারী কর্মীদের স্বাগত জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দেশ ও সংবিধান রক্ষার লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের নীচুতলার কর্মী-সমর্থকদের মধ্যে এই দলবদলের প্রবণতা শাসকদলের সাংগঠনিক শক্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, দীর্ঘদিন কোণঠাসা থাকা কংগ্রেস হাওড়ার মতো জনবহুল জেলায় এই যোগদানের মাধ্যমে নিজেদের জমি পুনরায় শক্ত করার চেষ্টা করছে। রাজ্যের বিভিন্ন জেলায় দলবদলের এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনে নির্বাচনী সমীকরণে বড় ধরণের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে।