পাঁচ রাজ্যে দ্রুত বিধানসভা ভোট! নড়েচড়ে বসল বিজেপি
উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ায় আগামী বছরের শুরুতে নির্ধারিত বিধানসভা নির্বাচন নির্ধারিত সময়ের কিছুটা আগেই অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী বছরের শুরুতে দেশব্যাপী জনগণনার কাজ চলার কথা থাকায় কর্মী সংকট এড়াতে ভোট এগিয়ে আনার এই চিন্তাভাবনা চলছে। এই পরিস্থিতিতে কোনো ঝুঁকি না নিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ইতিমধ্যেই তাদের সব রাজ্য ইউনিটকে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, একই সময়ে জনগণনার কাজ ও নির্বাচন পরিচালনা করলে সরকারি কর্মী সংকট তৈরি হতে পারে। এই জটিলতা এড়াতে নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট কয়েক সপ্তাহ এগিয়ে আনার প্রাথমিক আলোচনা শুরু করেছে। রাজনৈতিক মহলের ধারণা, ডিসেম্বর মাসের শেষভাগ বা জানুয়ারির শুরুর দিকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। এই সম্ভাবনা তৈরি হতেই পাঁচ রাজ্যের রাজনৈতিক শিবিরে তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং বিজেপি বুথ স্তর পর্যন্ত প্রস্তুতি জোরদার করার কাজে নেমে পড়েছে।