কুণাল ঘোষের ওপর হামলার পর অমিত শাহের দ্বারস্থ সৌগত, রাজ্যে ফিরল ‘ডিম থেরাপি’ আতঙ্ক!
ডিম হামলা বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন সৌগত রায়
২৬-এর বিধানসভা নির্বাচনের পর থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং দলের নেতা-নেত্রীদের লক্ষ্য করে ‘ডিম ছোঁড়া’র বা ‘ডিম থেরাপি’র ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করে মঙ্গলবার একটি চিঠি পাঠিয়েছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে, বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে, তাই রাজ্যে শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দায়িত্ব তাদেরই।
তৃণমূলের শীর্ষ নেতাদের ওপর একের পর এক হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দলে। এর আগে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর একইভাবে হামলা চালানো হয়েছিল, যার জেরে তাকে হাসপাতালেও যেতে হয়। সর্বশেষ সোমবার কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে কুণাল ঘোষের ওপর ডিম ছোঁড়ার ঘটনা ঘটে। দলনেত্রীর বাড়ির সামনে এমন নিরাপত্তার ঘাটতি ও হামলার বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে চিহ্নিত করেছেন সৌগত রায়। যদিও এই ঘটনায় কালীঘাট থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, তবুও রাজ্যে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা ও এই জাতীয় হামলার ঘটনা অব্যাহত রয়েছে।