স্মার্টফোনেই জনগণনা! ডিজিটাল বিপ্লবে বদলে যাচ্ছে নিয়ম।
ডিজিটাল ভারতের লক্ষ্য পূরণে ২০২৭ সালের জনগণনাকে সম্পূর্ণ ডিজিটাল রূপ দিতে চলেছে কেন্দ্র। এই প্রথম দেশের নাগরিকরা স্মার্টফোনের মাধ্যমে নিজেরাই নিজেদের জনগণনার তথ্য নথিভুক্ত করতে পারবেন। আগামী ১ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে আগ্রহী ব্যক্তিরা se.census.gov.in পোর্টালে গিয়ে ওটিপি যাচাই সাপেক্ষে মাত্র ৩৩টি প্রশ্নের উত্তর দিয়ে স্ব-গণনা সম্পন্ন করতে পারবেন। কাগজ ও নথিপত্রের ব্যবহার কমিয়ে এই হাইটেক প্রক্রিয়ার মাধ্যমে নির্ভুল পরিসংখ্যান দ্রুত সংগ্রহ করা এবং সরকারি কর্মীদের শ্রম ও সময় সাশ্রয় করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
যারা ডিজিটাল স্ব-গণনায় অংশ নিতে পারবেন না, তাদের জন্য ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি চিহ্নিতকরণ বা ‘হাউস লিস্টিং’-এর কাজ চলবে। এরপর ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি কর্মীরা ‘এইচএলও’ (HLO) নামক বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে বাকিদের তথ্য সংগ্রহ করবেন। এই কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাজ্যে দেড় লাখেরও বেশি প্রশিক্ষণপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী কাজ করবেন। প্রযুক্তিগত সহায়তার জন্য জেলাস্তরে ‘ডেডিকেটেড সেন্সাস মনিটরিং রুম’ চালু করা হয়েছে, যেখান থেকে সিএমএমএস পোর্টালে রিয়েল-টাইমে জনগণনার তথ্য সরাসরি আপডেট করা হবে।