বাগনানে বিজেপি কর্মী খুন, মুখ্যমন্ত্রী কড়া হতেই গ্রেপ্তার আরও ১১!
বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দে খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সিআইডি। শনিবার গভীর রাতে শ্যামপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে শেখ সইফুদ্দিন নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের ফলে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে ধৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। গত ১৭ জুন রাতে বাগনানের পাইকপাড়ি গ্রামে তৃণমূল নেতা মফিজুল ইসলাম খানের বাড়িতে বিক্ষোভ দেখানোর সময় বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায় প্রশান্ত দে নিহত এবং তিনজন আহত হন। এই ঘটনায় মোট ৫১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্তভার সিআইডির হাতে রয়েছে।
নিহত প্রশান্ত দে-র পরিবারের সঙ্গে দেখা করার ২৪ ঘণ্টার মধ্যেই অপরাধীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরপরই পুলিশ ও সিআইডি যৌথভাবে তল্লাশি চালিয়ে সইফুদ্দিনকে গ্রেপ্তার করে। তদন্তকারী সূত্রে জানা গেছে, রবিবার ধৃতকে আদালতে তোলা হবে। ঘটনার সঙ্গে অন্য কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত কি না, তা নিশ্চিত করতে সিআইডি ও জেলা পুলিশের বিশেষ দল জোর তল্লাশি চালাচ্ছে।