হাওড়ায় ব্যবসায়ী খুনে চাঞ্চল্য, আটক ৩!
হাওড়ার পিলখানায় প্রোমোটার সফিক খান খুনের ঘটনায় জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছে হাওড়া সিটি পুলিশ। ধৃতদের নাম মহম্মদ বিলাল, মহম্মদ ওয়াকিল ও দিলদার হোসেন। পুলিশের দাবি, কলকাতার বউবাজার এলাকার বাসিন্দা এই তিনজন ঘটনার পর মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেনকে এলাকা থেকে পালিয়ে যেতে এবং আত্মগোপন করতে সহায়তা করেছিল। গত বুধবার ভোরে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ২৭ বছর বয়সী সফিক খানকে খুন করা হয়। পরিবারের অভিযোগ, তোলাবাজির দাবি না মানার কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন দীর্ঘদিনের দাগি দুষ্কৃতী হিসেবে পরিচিত। হারুন স্থানীয়ভাবে প্রোমোটারি ও ব্যবসার সঙ্গে যুক্ত এবং অতীতেও তার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে। অন্যদিকে, রোহিত সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে ফের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছে এবং তার বিরুদ্ধে গোলাবাড়ি থানায় অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে। বুধবার এই ঘটনার প্রতিবাদে পিলখানায় জিটি রোডে বিক্ষুব্ধ জনতা বাইকে অগ্নিসংযোগ করে এবং পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রধান দুই অভিযুক্ত হারুন ও রোহিত এখনও পলাতক। তাদের গ্রেপ্তারে হাওড়া ও কলকাতার বিভিন্ন প্রান্তে পুলিশের তল্লাশি অভিযান চলছে।