সোমবার সংসদ ডাকুন, পুরোনো বিল আনুন! প্রিয়াঙ্কা গান্ধীর মোদী সরকারকে সরাসরি চ্যালেঞ্জ

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় মোদী সরকারকে প্রিয়াঙ্কার চ্যালেঞ্জ, বিরোধীদের দাবি মানলে আজই সংসদ ডাকুক সরকার

লোকসভায় মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল পাশ না হওয়ায় নরেন্দ্র মোদী সরকারকে সরাসরি আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি দাবি করেন, যদি সরকার সত্যিই আন্তরিক হয়, তাহলে ২০২৩ সালের নারী শক্তি বন্দন অধিনিয়মটি কার্যকর করতে সোমবারই সংসদ ডাকুক। প্রিয়াঙ্কার মতে, বর্তমান বিলটি বাতিল হওয়া আসলে গণতন্ত্র ও সংবিধানের জয়। তিনি আরও অভিযোগ করেন যে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের জন্য এই বিলের আড়ালে একটি ষড়যন্ত্র করেছিল।

প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন যে, সরকার নারীদের ব্যবহার করে আসলে আদমশুমারির পরিসংখ্যান এড়িয়ে নিজেদের সুবিধামতো সীমানা নির্ধারণ বা ‘ডেলিমিটেশন’ করার স্বাধীনতা চেয়েছিল। বিরোধীদের একজোট হওয়ার কারণেই এই ‘অগণতান্ত্রিক’ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বিজেপি বর্তমানে বিরোধীদের ‘নারী-বিরোধী’ হিসেবে প্রচার করছে, যার জবাবে প্রিয়াঙ্কা হাতরাস, উন্নাও এবং মহিলা কুস্তিগীরদের আন্দোলনের প্রসঙ্গ টেনে সরকারের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, কংগ্রেস ও বিরোধী দলগুলো মহিলা সংরক্ষণের বিপক্ষে নয়, বরং তারা এসসি, এসটি এবং ওবিসি নারীদের জন্য আনুপাতিক হারে কোটা নিশ্চিত করার দাবি জানাচ্ছে।

মূলত, লোকসভায় সংবিধান সংশোধনী বিল পাসের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না মেলায় বিলটি গত শুক্রবার বাতিল হয়। এর ফলে ২০২৯ সালের নির্বাচন থেকে ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়ল। এই রাজনৈতিক টানাপোড়েনের ফলে আগামী দিনগুলোতে কেন্দ্র-বিপক্ষ সংঘাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *