সুদীপ বিদ্রোহী হতেই কুণালকে বড় পুরস্কার, মমতার চালে ওলটপালট সংগঠন!
বিধানসভা নির্বাচনের পর একের পর এক শীর্ষ নেতার দলত্যাগের আবহে বড়সড় সাংগঠনিক রদবদল করল তৃণমূল কংগ্রেস। দলের প্রতি অনুগত থাকার পুরস্কার হিসেবে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি পদে নিয়োগ করা হয়েছে। এছাড়া, যুব তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে সায়নী ঘোষকে সরিয়ে সেই জায়গায় আনা হয়েছে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে, সাংসদ সৌগত রায়কে লোকসভা দলের উপদেষ্টা করার পাশাপাশি জাতীয় কর্মসমিতিতেও স্থান দেওয়া হয়েছে। জাতীয় কর্মসমিতিতে জায়গা পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকও।
মূলত বিধানসভা নির্বাচনের পর দলের ধারাবাহিক ভাঙন এবং উত্তর কলকাতায় গোষ্ঠীদ্বন্দ্ব মোকাবিলায় এই রদবদল করা হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের পরপরই এই সিদ্ধান্ত গ্রহণ করে তৃণমূল নেতৃত্ব। দল বিরোধী ও বিদ্রোহী নেতাদের সরিয়ে অনুগত নেতাদের সামনের সারিতে নিয়ে আসার মাধ্যমে দলের নিচুতলার কর্মীদের মনোবল ফেরানোর কৌশল নিয়েছে শীর্ষ নেতৃত্ব। এই রদবদলের পর কুণাল ঘোষ উত্তর কলকাতার প্রাক্তন সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বিভিন্ন মন্তব্যও করেছেন।