সিপিএমের গায়ে হাত দিইনি, এখন দল দেখলেই ডিম মারা হচ্ছে! তৃণমূলকে নিশানা কুণালের?
পুনর্বাসনহীন হকার উচ্ছেদ, আকাশছোঁয়া দ্রব্যমূল্য এবং বিরোধী নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা অমানবিক। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পরামর্শ দিয়ে বলেন, কোনো পদক্ষেপ নেওয়ার আগে জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করা উচিত।
তৃণমূল নেতাদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হচ্ছে বলেও মন্তব্য করেন কুণাল ঘোষ। তিনি অভিযোগ করেন, পুরনো মামলাকে সামনে রেখে তৃণমূল নেতাদের নিশানা করা হচ্ছে এবং পরিকল্পিতভাবে তা বিজেপিকে আগেভাগে জানিয়ে দেওয়া হচ্ছে। অভিযুক্ত প্রমাণিত হওয়ার আগেই ধৃত নেতাদের সামাজিকভাবে অপমান করার প্রবণতাকে তিনি ‘নোংরা খেলা’ বলে অভিহিত করেছেন। ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে এমন আচরণ কখনোই করা হয়নি উল্লেখ করে, অবিলম্বে এই ‘প্রতিহিংসার রাজনীতি’ বন্ধের দাবি জানিয়েছেন কুণাল ঘোষ।