সরকারি জলপ্রকল্পে ‘চুরির মহোৎসব’, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী!
কোচবিহারের মেখলিগঞ্জের উচলপুকুরি এলাকায় একের পর এক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার গভীর রাতে জমেরডাঙ্গা এলাকায় সরকারি জল সরবরাহ প্রকল্পের জোন-২-এর ১ নম্বর পাম্প থেকে দুটি আই-প্ল্যান মোটর ও একটি ডব্লিউএইচ (WH) স্কিমের মোটর চুরি হয়েছে। একই রাতে ওই এলাকার বাসিন্দা আমিনুর মিঞার একটি ভ্যানগাড়িও চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসীর দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এর আগে ১ নম্বর এসসি প্রাইমারি স্কুলের পাম্পের মোটর, জোন-২-এর ৩ নম্বর পাম্প থেকে বড় মোটর, ব্যাটারি এবং প্যানেল বোর্ডের দামি কপার তার চুরি হয়েছে। বারবার সরকারি সরঞ্জামের চুরির ফলে জল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। নিরাপত্তা জোরদার ও দোষীদের গ্রেফতারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা ও পাম্প অপারেটররা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।