খড়্গপুরে কোটি টাকার রহস্য, ট্রলিভর্তি নগদে পাকড়াও স্বর্ণশিল্পী!
খড়্গপুর স্টেশনে ৯৮ লক্ষ ৫০ হাজার টাকাসহ ধৃত ১
খড়্গপুর স্টেশনে বিপুল পরিমাণ নগদ অর্থসহ শান্তিনাথ কোটাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ফলকনুমা এক্সপ্রেস থেকে নেমে প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাঁকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে মোট ৯৮ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া টাকার মধ্যে ব্যাকপ্যাকে ছিল ৯ লক্ষ ২০ হাজার টাকা এবং একটি ট্রলি ব্যাগে ছিল ৮৯ লক্ষ ৩০ হাজার টাকা। এ ছাড়াও তাঁর কাছ থেকে দুটি দামি মোবাইল ফোন পাওয়া গেছে।
জিআরপি সূত্রে জানা গেছে, বরাহনগরের বাসিন্দা ধৃত শান্তিনাথ ওড়িশার কটকে সোনার কারিগর হিসেবে কাজ করতেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, কটক থেকে হাওড়ার উদ্দেশ্যে টাকাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার পর আয়কর দপ্তর তদন্তে নেমেছে এবং এত বিপুল পরিমাণ অর্থের উৎস ও গন্তব্য সম্পর্কে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় শনিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।