মাদকের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ৪ জন পেলেন চূড়ান্ত মুক্তি!
মাদক উদ্ধার মামলায় পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগে ৪ ব্যক্তির ১০ বছরের কারাদণ্ডের সাজা বাতিল করল কলকাতা হাইকোর্ট। ২০২১ সালের ২৩ মে নাকাশিপাড়ায় ৫২৫ কেজি মাদক উদ্ধারের ঘটনায় কৃষ্ণনগর জেলা আদালত সমীর দাস, জহিরুদ্দিন শেখ, গোপাল দাস এবং বিজয় বিশ্বাসকে দোষী সাব্যস্ত করেছিল। তবে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ এই রায় খারিজ করে অভিযুক্তদের অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে।
মাদক উদ্ধারের সময় ভিডিওগ্রাফি না করা, নথিপত্রে ওজনের গরমিল এবং তদন্তকারী দলের সদস্যদের নিজেদের মামলার সাক্ষী হিসেবে রাখার বিষয়টিকে আদালত বড় ধরনের ত্রুটি হিসেবে চিহ্নিত করেছে। ৫২৫ কেজি মাদক উদ্ধারের দাবি করা হলেও নথিতে তা ৫৪৯ কেজি দেখানো হয়েছে, যার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি প্রসিকিউশন। এছাড়া, আর্দ্রতার কারণে ওজন বৃদ্ধির দাবি এবং নিরপেক্ষ সাক্ষীর অভাবে মামলাটি ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় হাইকোর্ট তদন্তকারী সংস্থার চরম শৈথিল্যের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে।