সব্যসাচীর স্টোরে মিমি চক্রবর্তী, তুঙ্গে বিয়ের জল্পনা

প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সাম্প্রতিক উপস্থিতি ঘিরে বিনোদন জগতে বিয়ের জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি কলকাতার ওই স্টোর থেকে মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্টের সঙ্গে অভিনেত্রীকে বের হতে দেখা যায়। দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট কিংবা কিয়ারা আদবানির মতো তারকাদের বিয়ের পোশাকের কারিগর সব্যসাচীর স্টোরে মিমির এই আনাগোনা নেটপাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, বিনোদন জগতের বাইরের এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, নৌবাহিনীর সঙ্গে যুক্ত সিদ্ধার্থ নামের এক যুবকের সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধতে চলেছেন। নভেম্বরের মধ্যে আইনি বিয়ের পর্ব সম্পন্ন হওয়ার গুঞ্জন শোনা গেলেও, বিয়ের ভেন্যু নিয়ে রয়েছে বিশেষ চমক। সূত্রের খবর, পাহাড়ের কোলে কালিম্পংয়ের কোনো নিরিবিলি স্থানে বিয়ের আসর বসতে পারে। এরপর কলকাতায় ফিরে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য একটি জমকালো রিসেপশন পার্টির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
সব জল্পনার কেন্দ্রে এখন ৫ ডিসেম্বরের সম্ভাব্য তারিখটি উঠে এসেছে। যদিও নিজের বিয়ে বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মিমি চক্রবর্তী। বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তা বজায় রাখা এই অভিনেত্রী সব প্রশ্ন এড়িয়ে গেছেন। বিয়ের তারিখ বা স্থান নিয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।