শুকোবে জমি, আগুন হবে বাজার! দেশে ধেয়ে আসছে ভয়াবহ ‘এল নিনো’

ভারতে ক্রমশ ঘনীভূত হচ্ছে ‘এল নিনো’ সঙ্কট। রাষ্ট্রসঙ্ঘের সাম্প্রতিক সতর্কবার্তা অনুযায়ী, চলতি বছরের জুন থেকে অগাস্ট মাসের মধ্যেই এই আবহাওয়াগত পরিবর্তন চরম আকার ধারণ করতে পারে। বিশেষজ্ঞদের অনুমান, ২০২৬ সালের নভেম্বর মাস পর্যন্ত এল নিনোর প্রভাবে পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা ৯০ শতাংশেরও বেশি, যা দেশের অর্থনীতি, কৃষি ও জনস্বাস্থ্যে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।

কৃষিক্ষেত্রে এর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় ধান ও গমসহ ফসলের উৎপাদন বিপুল হারে হ্রাসের আশঙ্কা রয়েছে। ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাওয়ায় সেচ সংকট দেখা দেবে এবং উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। কৃষিপ্রধান ভারতে ফসলের ফলন কমলে বাজারে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে চরম মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে, যা সাধারণ মানুষের জনজীবনে বাড়তি চাপ সৃষ্টি করবে।

জনস্বাস্থ্যের ক্ষেত্রেও এল নিনো বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও তীব্র জলসঙ্কটের পাশাপাশি বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশুদ্ধ জলের অভাবে দূষিত জল ব্যবহারের ফলে ডেঙ্গি, ম্যালেরিয়া ও অন্যান্য জলবাহিত রোগের প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। রাষ্ট্রসঙ্ঘের মতে, এই পরিস্থিতিতে ছোট শিশু, বয়স্ক নাগরিক, অন্তঃসত্ত্বা নারী ও দরিদ্র পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *