শিলিগুড়িতে রেল কোয়ার্টারে পচাগলা দেহ, চারদিন পর উদ্ধার ঘিরে চরম রহস্য!
June 26, 2026
শিলিগুড়ি সংলগ্ন সেন্ট্রাল কলোনির ১০ নম্বর রোডের একটি রেল কোয়ার্টার থেকে অরিন্দম রায় বর্মন (৪৬) নামে এক রেলকর্মীর পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। কোচবিহারের বাসিন্দা ওই রেলকর্মী কর্মসূত্রে কোয়ার্টারে একাই থাকতেন। গত চারদিন ধরে অফিসে অনুপস্থিত থাকায় এবং দীর্ঘ সময় সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়।
শুক্রবার পরিবারের সদস্যরা ও সহকর্মীরা ওই কোয়ার্টারে পৌঁছে ভেতর থেকে দরজা বন্ধ এবং তীব্র দুর্গন্ধ পান। খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে দেহটি উদ্ধার করে। মৃত্যুর কয়েকদিন পেরিয়ে যাওয়ায় দেহটি পচে গিয়েছিল বলে প্রাথমিক অনুমান। বর্তমানে ময়নাতদন্তের জন্য দেহটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানা।