শিয়ালদা শাখায় একগুচ্ছ নতুন লোকাল ট্রেন, দারুণ খুশির খবর যাত্রীদের জন্য!

শিয়ালদা ডিভিশনে নতুন লোকাল ট্রেন চালুর ঘোষণা পূর্ব রেলের

কলকাতা: শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের ভিড় সামাল দিতে এবং যাতায়াতের ঝক্কি কমাতে একগুচ্ছ নতুন লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আগামী ১৫ জুন, সোমবার থেকে শিয়ালদা–ডায়মন্ড হারবার এবং শিয়ালদা–হাসনাবাদ শাখায় এই নতুন ট্রেন পরিষেবা চালু হবে। নতুন ট্রেনগুলির মধ্যে রয়েছে সোনারপুর থেকে ডায়মন্ড হারবারগামী সকাল ৬টা ০৫ মিনিটের স্পেশাল এবং ডায়মন্ড হারবার থেকে শিয়ালদাগামী সকাল ৭টা ২২ মিনিটের স্পেশাল ট্রেন, যা সোম থেকে শনিবার চলাচল করবে। এছাড়া প্রতিদিন হাসনাবাদ থেকে দুপুর ৩টে ২০ মিনিটে বারাসাতগামী স্পেশাল ট্রেন এবং শিয়ালদা থেকে রাত ৮টা ৫৮ মিনিটে হাসনাবাদগামী আপ লোকাল ট্রেনটি নতুন করে চালু করা হচ্ছে। একই সঙ্গে শিয়ালদা থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে সোনারপুরগামী আরও একটি নতুন লোকাল ট্রেন পরিষেবা শুরু হবে।

যাত্রীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ট্রেন সংখ্যা বাড়ানোর পাশাপাশি পূর্ব রেল মহিলা কামরা সংক্রান্ত নীতিতেও অটল রয়েছে। রেল কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নতুন ট্রেন চালু হলেও মহিলা কামরার সংখ্যায় কোনো কাটছাঁট করা হবে না। শিয়ালদা ডিভিশনের সমস্ত ট্রেনেই আগের মতোই মহিলাদের জন্য তিনটি করে বগি সংরক্ষিত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *