শনি-রবিবারও খোলা সরকারি অফিস! ব্যাপক চাঞ্চল্য নবান্নের নির্দেশে
ছুটির দিনেও খোলা থাকবে সরকারি অফিস, নবান্নের নতুন নির্দেশিকা
প্রশাসনিক কাজের গতি ত্বরান্বিত করতে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট পরিষেবা নিশ্চিত করতে এবার থেকে শনি, রবিবার ও সরকারি ছুটির দিনেও অফিসে হাজিরা দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের। রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টের তরফে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উচ্চপদস্থ আধিকারিকদের জরুরি প্রশাসনিক কাজের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, প্রতিটি দপ্তরকে পালা করে বা রোস্টার মেনে ন্যূনতম সংখ্যক কর্মী (স্কেলিটন স্টাফ) নিয়ে ছুটির দিনে অফিস চালু রাখতে হবে। নবান্নের শীর্ষস্তরের খবর অনুযায়ী, অদূর ভবিষ্যতে এই নির্দেশিকা জেলাশাসক, মহকুমাশাসক এবং বিডিও অফিসসহ রাজ্যের নীচের স্তরের সমস্ত সরকারি দপ্তরেও কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিনে পূর্ণদিবস এবং ১ জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে অর্ধদিবস ছুটির ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশিকা ও রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে এই ছুটিগুলি কার্যকর হবে। একদিকে বিশেষ ছুটির ঘোষণা এবং অন্যদিকে জরুরি প্রয়োজনে ছুটির দিনেও অফিস চালু রাখার সরকারি নির্দেশিকার ফলে রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।