রাম মন্দিরের অনুদান চুরি! তদন্তে বড় জট, জালে ৮ অভিযুক্ত
অযোধ্যায় রাম মন্দির ট্রাস্টের অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’-এর সদস্য কৃষ্ণ মোহনের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া এফআইআর-এর কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার এই অভিযান চালানো হয়। অভিযুক্তদের বিরুদ্ধে চুরি, বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র, ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। রাজ্য সরকারের গঠন করা বিশেষ তদন্তকারী দল (এসআইটি) এখন পুরো ঘটনার শিকড় সন্ধানে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে।
গ্রেফতারকৃতরা হলেন অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লভকুশ মিশ্র, মণীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং রামশঙ্কর যাদব। এই ঘটনায় জড়িত সন্দেহে আরও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে, এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেছেন যে, এতে মূল অপরাধীরা পার পেয়ে যাবে। অন্যদিকে, বিশ্ব হিন্দু পরিষদের প্রধান অলোক কুমার পাল্টা অভিযোগ করেছেন যে, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলো এই ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।