রামমন্দিরের প্রণামী চুরির টাকায় বিলাসবহুল হোটেল! নজরে ২৫ জন অভিযুক্ত
অযোধ্যার রামমন্দিরের প্রণামী চুরির তদন্তে নেমে নতুন চাঞ্চল্যকর তথ্য পেলেন উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দলের (SIT) সদস্যরা। তদন্তে জানা গেছে, মন্দিরের প্রণামীর টাকা আত্মসাৎ করে হরিদ্বার, ঋষিকেশ ও মানালির মতো পর্যটন কেন্দ্রে হোটেল ব্যবসা গড়ে তুলেছেন বেশ কয়েকজন সন্দেহভাজন। এ ছাড়া মন্দির নির্মাণে ঠিকাদারদের থেকে ৪০ শতাংশ কমিশন নেওয়া এবং নির্ধারিত দামের চেয়ে ১৭ গুণ বেশি দামে জমি কেনার মতো বড় আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে পুলিশ। প্রণামীর নগদ টাকা ও সোনা-রুপোর গয়না নিয়ে কারচুপির অভিযোগে এরই মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ কোটি টাকা।
এই দুর্নীতিকাণ্ডে জড়িত সন্দেহে ১৫০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের অযোধ্যার বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই ১৫০ জনের মধ্য থেকে ২৫ জন মূল অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ, যাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। তদন্ত পরিস্থিতি বিবেচনায় আর্থিক তছরূপের প্রমাণ মিললে মন্দির পরিচালনার দায়িত্বে থাকা ‘রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’ ভেঙে দেওয়ার সুপারিশ করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় জড়িত কাউকে ছাড় না দেওয়ার নির্দেশ দিয়েছেন।