২ কোটির চেক নিয়ে বৃদ্ধকে বিয়ে, আসল সত্যি ফাঁস হতেই চক্ষু চড়কগাছ!
ইন্দোনেশিয়ার পূর্ব জাভার পাসিতান অঞ্চলে ২৪ বছর বয়সী শিলা আরিকা ও ৭৪ বছর বয়সী ধর্মানের বিয়ে ঘিরে তৈরি হওয়া জালিয়াতির ঘটনা প্রকাশ পেয়েছে। গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত এই বিয়ের আসরে শিলাকে ধর্মান ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকার সমপরিমাণ ৩ বিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়ার একটি চেক উপহার দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। তবে বিয়ের কয়েকদিন পরই দম্পতির উধাও হয়ে যাওয়া এবং ওয়েডিং ফটোগ্রাফারদের পাওনা পরিশোধ না করার ঘটনায় ধোঁয়াশার সৃষ্টি হয়।
পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে যে, ২ কোটি টাকার চেকটি ছিল একটি নকল দলিল এবং ধর্মান একজন পেশাদার প্রতারক, যিনি এর আগেও কারাবরণ করেছেন। সবার সামনে মিথ্যা আভিজাত্য জাহির ও তরুণীকে প্রলুব্ধ করতেই তিনি এই জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন বলে স্বীকার করেছেন। বর্তমানে ধর্মান পুলিশের হেফাজতে রয়েছেন এবং ছয় বছরের কারাদণ্ডের ঝুঁকিতে থাকলেও, ২৪ বছর বয়সী শিলা আরিকা তাঁর স্বামীর পাশে থাকার কথা জানিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে পুলিশের কাছে স্পষ্ট করেছেন।