রাজ্যে খুলবে ৮০০০ বন্ধ কারখানা, সুখবর শোনালেন মন্ত্রী অশোক দিন্দা!
রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) খাতকে পুনরুজ্জীবিত করতে প্রায় ৮,০০০ বন্ধ কারখানা পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। শনিবার মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (MCCI)-র এক অনুষ্ঠানে রাজ্যের MSME ও বস্ত্র প্রতিমন্ত্রী অশোক দিন্দা এই তথ্য জানান। বর্তমানে রাজ্যে প্রায় ৯০ লক্ষ MSME ইউনিট রয়েছে, যার ওপর ১.৩৫ কোটি মানুষ নির্ভরশীল। এই বন্ধ কারখানাগুলো চালু করা গেলে কর্মসংস্থানের এক বিশাল সুযোগ তৈরি হবে বলে আশা করছে প্রশাসন।
শিল্পায়ন ত্বরান্বিত করতে সিঙ্গল-উইন্ডো ক্লিয়ারেন্স ব্যবস্থা চালু, পরিকাঠামো উন্নয়ন, শিল্প পার্ক ও ক্লাস্টার গঠন এবং ‘ভোকাল ফর লোকাল’-এর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। মন্ত্রী জানিয়েছেন, শিল্পবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে রাজ্যে নতুন বিনিয়োগ টানতে সরকার বদ্ধপরিকর এবং ইতিমধ্যেই একাধিক বেসরকারি সংস্থা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। নতুন বাজেটে ঘোষিত শিল্প পার্ক ও ক্লাস্টারের পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন তিনি।