রণবীর ও ইমরানের প্রত্যাখ্যানের পর ককটেলের নতুন চমক সইফ!
শাহিদ কাপুর, রশ্মিকা মান্দানা এবং কৃতি শ্যানন অভিনীত ‘ককটেল ২’ মুক্তির পর আলোচনায় এসেছে ২০১২ সালের মূল ছবি ‘ককটেল’। তবে মুক্তিপ্রাপ্ত ওই ছবির কেন্দ্রীয় চরিত্র ‘গৌতম’-এর জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না সইফ আলি খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সইফ আলি খান জানিয়েছেন, দীপিকা পাড়ুকোনের শক্তিশালী চরিত্র ‘ভেরোনিকা’-র সামনে নিজেদের চরিত্র ম্লান হয়ে যাওয়ার আশঙ্কায় তখন বেশ কয়েকজন অভিনেতা ছবিটি করতে রাজি হননি। এর মধ্যে ইমরান খান এবং রণবীর কাপুর সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।
চমকপ্রদ তথ্য হলো, রণবীর কাপুর শুধু নিজেই প্রস্তাব ফিরিয়ে দেননি, বরং দীপিকা পাড়ুকোনকেও এই ছবিতে অভিনয় করতে বারণ করেছিলেন। তবে কারও কথায় প্রভাবিত না হয়ে দীপিকা নিজের সিদ্ধান্তে অটল ছিলেন এবং চরিত্রটিতে দুর্দান্ত অভিনয় করে ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দেন। পরবর্তী সময়ে রণবীর কাপুর স্বীকার করতে বাধ্য হন যে, ছবিটির সম্ভাবনা বুঝতে তিনি ভুল করেছিলেন এবং চরিত্রটি দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছিল।