তৃণমূলের পথে অখিলেশ? দলে ভাঙন নিয়ে তুঙ্গে বড় জল্পনা!
পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের পর এবার উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতেও ভাঙনের জল্পনা তীব্র হয়েছে। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ঘটনায় জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রধান ওম প্রকাশ রাজভরের দাবি, সমাজবাদী পার্টির প্রায় ৩০ জন সাংসদ যেকোনো মুহূর্তে এনডিএ শিবিরে যোগ দিতে পারেন। একই সুর শোনা গেছে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্যের গলায়; তিনি দাবি করেছেন, ২৫ থেকে ২৬ জন সাংসদ দলবদলের অপেক্ষায় থাকলেও বিজেপি আপাতত তাদের নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।
এদিকে, সমাজবাদী পার্টির নেতারা এই জল্পনা সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, ভোটারদের বিভ্রান্ত করতে এবং দলের মনোবল ভাঙতে বিজেপি ও তাদের শরিকরা পরিকল্পিতভাবে এই প্রচার চালাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, আসন্ন বিধানসভা ভোটের আগে শক্তিশালী বিরোধী দলকে মানসিকভাবে দুর্বল করতে বিজেপি এটি একটি ‘মাইন্ডগেম’ হিসেবে ব্যবহার করছে। তবে এই জল্পনা বাস্তবে রূপ নিলে উত্তরপ্রদেশের রাজনৈতিক সমীকরণ ও ভোটবাক্সে এর গভীর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।