যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়াচ্ছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১, সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১-এর দ্রুত বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। গবেষকদের মতে, সার্স-কোভ-২ বংশধারার এই ভাইরাসটি একটি ‘সল্টেশন ভ্যারিয়েন্ট’, যা বিপুল সংখ্যক জিনগত পরিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে। এটি মূলত জেএন.১ বংশধারার উত্তরসূরি এমসি.১০.১.৭ থেকে উদ্ভূত। পাবলিক হেলথ অন্টারিওর তথ্য অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সংগৃহীত নমুনার ২৫.২ শতাংশেই এই ভ্যারিয়েন্টের উপস্থিতি শনাক্ত হয়েছে।
বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী, এই ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে, যা ভাইরাসটিকে মানুষের কোষে সহজে প্রবেশ করতে সহায়তা করে। তবে এটি অতীতের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় অধিকতর গুরুতর অসুস্থতা সৃষ্টি করছে কি না, সে বিষয়ে এখনও কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, পিজে.২.১-এর কোনো স্বতন্ত্র উপসর্গ নেই এবং এর লক্ষণগুলো কোভিডের প্রচলিত উপসর্গের মতোই।
সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, কাশি, গলা ব্যথা, মাথাব্যথা, পেশীতে ব্যথা এবং অতিরিক্ত ক্লান্তি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, কোভিডের লক্ষণগুলো মৌসুমি ফ্লুর সঙ্গে মিলে যাওয়ায় শুধুমাত্র উপসর্গের ওপর ভিত্তি করে রোগ নির্ণয় করা ঝুঁকিপূর্ণ। সংস্থাটি এই ভ্যারিয়েন্টের ওপর কড়া নজরদারি বজায় রাখার নির্দেশ দিয়েছে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন না করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে।