মেসির সাথে সেলফি বিতর্ক, জুঁই বিশ্বাসের বিরুদ্ধে ১০ কোটির মানহানি মামলা!
কলকাতায় লিওনেল মেসির ইভেন্টে বিশৃঙ্খলা ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুঁই বিশ্বাসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্ত। সংরক্ষিত এলাকায় বেআইনি অনুপ্রবেশ এবং ইভেন্টের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে জুঁই বিশ্বাসকে একটি আইনি নোটিস পাঠানো হয়েছে। উক্ত নোটিসে ১৫ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে, অন্যথায় বিষয়টি আদালতে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, অনুষ্ঠানের কোনো আমন্ত্রণপত্র ছাড়াই জুঁই বিশ্বাস সমস্ত নিরাপত্তা বেষ্টনী ভেঙে সংরক্ষিত এলাকায় প্রবেশ করেন এবং মেসির সঙ্গে সেলফি তোলেন। সে সময় তিনি তৎকালীন ক্রীড়ামন্ত্রীর প্রভাবে এই সুবিধা পেয়েছিলেন বলে নিজেই স্বীকার করেছিলেন। শতদ্রু দত্তর দাবি, এই ঘটনার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ইভেন্টের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিরাপত্তা বিধি লঙ্ঘনের এই ঘটনা নিয়ে সরব হয়েই মূলত আইনি পদক্ষেপের পথে হেঁটেছেন আয়োজক।