মেসির অদ্ভূত মূর্তি দেখে হাসির রোল আর্জেন্টিনায়!

আর্জেন্টিনার পাতাগোনিয়ায় স্থাপিত লিওনেল মেসির ৮৫ ফুট উঁচু একটি ভাস্কর্য নিয়ে তীব্র সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। গত ১৬ জুন উন্মোচিত ৭০ টন ওজনের এই বিশালাকৃতির মূর্তিটিতে হাঁটু গেড়ে বসে থাকা মেসিকে বিশ্বকাপ ট্রফির পাশে দেখা যাচ্ছে। তবে মূর্তির মুখাবয়বের সঙ্গে বাস্তবের মেসির চেহারার কোনো মিল নেই বলে অভিযোগ করছেন দর্শনার্থীরা। পাশাপাশি, খেলোয়াড়সুলভ গড়নের পরিবর্তে মূর্তিটির কোমর থেকে নিচের অংশকে অস্বাভাবিক মোটা দেখানোয় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে জোর বিতর্ক ও মশকরা চলছে।

স্থানীয় শিল্পী অলদো বেরোইসা ১৮ মাস সময় নিয়ে স্টিল ও লোহার পাইপ ব্যবহার করে এই মূর্তিটি নির্মাণ করেছেন, যাতে এটি পাতাগোনিয়ার তীব্র বাতাস সহ্য করতে পারে। নির্মাণশৈলী নিয়ে ভিন্ন মত থাকলেও, এর আগে কলকাতার লেকটাউনে স্থাপিত মেসির মূর্তিও চেহারার অমিল ও নিরাপত্তার কারণে বিতর্কের মুখে পড়েছিল। তবে মূর্তি নিয়ে এমন প্রতিকূল আলোচনা চললেও, মাঠে লিওনেল মেসির পারফরম্যান্সে এর কোনো প্রভাব পড়েনি। চলতি বিশ্বকাপে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন এই তারকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *