তারাতলা কাণ্ড নিয়ে শুভেন্দুর তোপ, কী জবাব দিলেন ফিরহাদ?
কলকাতা: তারাতলায় গোডাউন ভেঙে পড়ার ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে। বুধবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিপর্যয়ের দায় সরাসরি রাজ্যের প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওপর চাপান। শুভেন্দুর অভিযোগ, ঘটনার নেপথ্যে থাকা ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যানে ফিরহাদ হাকিমের স্বাক্ষর রয়েছে। এই মন্তব্যের পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করারও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।
নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে ফিরহাদ হাকিম দাবি করেছেন, পুরসভার প্রশাসনিক রীতির অংশ হিসেবে কেবল দাপ্তরিক স্বাক্ষর থাকে, সেখানে নকশা বা প্রযুক্তিগত দিক যাচাই করার দায় মেয়রের নয়। তিনি জানান, বিল্ডিংয়ের নকশা অনুমোদনের দায়ভার সম্পূর্ণভাবে পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্ট ও মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটির কারিগরি বিশেষজ্ঞদের। নিজের বিধানসভা এলাকায় ঘটা এই বিপর্যয়ে উদ্ধারকাজের গতি নিয়ে সরকারের প্রশংসা করলেও, ফিরহাদ হাকিম সাফ জানিয়েছেন, মেয়রের ব্যক্তিগতভাবে কোনো বিল্ডিং প্ল্যান যাচাই করার আইনি এক্তিয়ার নেই।