মেসিকাণ্ড: অরূপ বিশ্বাসকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পুলিশের!
যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে আর্থিক অনিয়ম ও অব্যবস্থার অভিযোগে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের তলব করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এর আগে দুবার নোটিস দিলেও তিনি সাড়া না দেওয়ায় এবার তৃতীয়বারের মতো তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তকারী আধিকারিকদের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আয়োজক শতদ্রু দত্তের দায়ের করা এফআইআরের ভিত্তিতে এই তদন্ত পরিচালিত হচ্ছে।
গত ৮ জুন কলকাতা হাইকোর্ট অরূপ বিশ্বাসকে ১৭ আগস্ট পর্যন্ত শর্তসাপেক্ষে অন্তর্বর্তী আইনি সুরক্ষা প্রদান করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, এই সময়ের মধ্যে পুলিশ তাঁর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না। তবে সুরক্ষার স্বার্থে তাঁকে নিজের পাসপোর্ট জমা রাখতে হয়েছে এবং আদালতের অনুমতি ছাড়া থানা এলাকার বাইরে যেতে পারবেন না বলে জানানো হয়েছে। হাইকোর্টের নির্দেশ মেনেই তদন্তকারী আধিকারিকরা অন্তত ৪৮ ঘণ্টা আগে তাঁকে এই হাজিরার নোটিস পাঠিয়েছেন।