মেয়রের পর সভাধিপতির ইস্তফা! জোড়া পদত্যাগে যেন ‘অনাথ’ শিলিগুড়ি
শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবের পর এবার পদত্যাগ করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। শহরের দুই শীর্ষ প্রশাসনিক পদ একই সঙ্গে শূন্য হয়ে যাওয়ায় শিলিগুড়িতে চরম রাজনৈতিক ও প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক পদগুলি খালি হওয়ায় শহর ও মহকুমা এলাকার উন্নয়নমূলক কাজ ও পরিষেবা নিয়ে জনমনে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এই জোড়া পদত্যাগের ফলে গ্রামীণ উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জল ও স্বাস্থ্য পরিষেবাসহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ থমকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া প্রকল্পের কাজ পাওয়া ঠিকাদারদের বকেয়া টাকা পরিশোধের বিষয়টিও অনিশ্চয়তার মুখে পড়েছে। রাজনৈতিক মহলে গুঞ্জন, বোর্ডের মেয়াদ শেষের দিকে হওয়ায় এবং চলমান জটিল পরিস্থিতির কারণে তৃণমূলেরই অনেক নেতা নতুন করে এই দায়িত্ব নিতে আগ্রহী নন। সাধারণ মানুষ এখন পরিষেবা স্বাভাবিক করার দাবিতে রাজ্যের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।