বাজেটে বড় চমক! তারাপীঠ থেকে মায়াপুর, বাংলায় তৈরি হচ্ছে ‘শক্তিপীঠ ও চৈতন্য সার্কিট’
উত্তরপ্রদেশের মডেলে বাংলায় ধর্মীয় পর্যটনে জোর: হাজার কোটির বরাদ্দ সরকারের
উত্তরপ্রদেশের আদলে রাজ্যে ধর্মীয় ও আধ্যাত্মিক পর্যটনকে ঢেলে সাজাতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের প্রথম বাজেটে তীর্থযাত্রা সংক্রান্ত একগুচ্ছ মেগা প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অন্যতম প্রধান দুটি প্রকল্প হলো ‘বেঙ্গল শক্তিপীঠ সার্কিট’ ও ‘চৈতন্য মহাপ্রভু তীর্থযাত্রা সার্কিট’ নির্মাণ। এর মাধ্যমে রাজ্যের প্রধান শক্তিপীঠগুলোকে একটি বিশেষ রুটের আওতায় এনে আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এই সার্কিটে থাকছে তারাপীঠ, বক্রেশ্বর, কঙ্কালীতলা, নন্দিকেশ্বরী, ফুল্লরা এবং ভ্রামরীদেবী।
শ্রীচৈতন্যের আদর্শ ও সামাজিক চিন্তাধারাকে সম্মান জানাতে মায়াপুরকে একটি অনন্য পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার জন্য আগামী তিন বছরে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, পুরী এবং দেওঘরে বাংলার পুণ্যার্থীদের জন্য পিপিপি (PPP) মডেলে সুলভ আবাসনের ব্যবস্থা করার ঘোষণা দেওয়া হয়েছে। নিজস্ব বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই বাজেটে রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতির পুনরুদ্ধারের পাশাপাশি শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং জনসুরক্ষার মতো ক্ষেত্রগুলোতেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে।