মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, গ্রেফতার ফিরহাদের প্রাক্তন OSD!
তারাতলা বিপর্যয়ের তদন্তে গ্রেফতার প্রাক্তন মেয়রের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়
তারাতলা বিপর্যয়ের তদন্তে বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) হাতে গ্রেফতার হলেন কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় (কালী)। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়। বিধানসভায় বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছিলেন, তারাতলা বিপর্যয়ের নেপথ্যে কালীর বড় ভূমিকা রয়েছে এবং কলকাতার অধিকাংশ বিল্ডিংয়ের নকশা অনুমোদনের ক্ষেত্রে তাঁর প্রত্যক্ষ প্রভাব ছিল।
২০০৩ সালে ডব্লিউবিসিএস পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থানাধিকারী কালীচরণ ২০১০ সাল থেকে পুরনিগমের গুরুত্বপূর্ণ কাজে যুক্ত ছিলেন। ফিরহাদ হাকিম মেয়র হওয়ার পর তিনি ওএসডি হিসেবে দায়িত্ব পান এবং পুরসভার বিল্ডিং নকশা পাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলে প্রবল ক্ষমতাশালী হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, কাউন্সিলর থেকে শুরু করে পুর আধিকারিকরা— কেউই তাঁর সিদ্ধান্তের বাইরে যাওয়ার সাহস পেতেন না। এই গ্রেফতারের ঘটনায় কলকাতা পুরনিগমের অন্দরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এসআইটি এখন এই গ্রেফতারের মাধ্যমে দুর্নীতির শিকড়ে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে।