মিড-ডে মিলে নজিরবিহীন বরাদ্দ বৃদ্ধি, এবার খুদেদের পাতে আরও পুষ্টিকর খাবার!
রাজ্যের প্রাথমিক স্কুলের পড়ুয়াদের মিড-ডে মিলের গুণমান আরও উন্নত করতে বরাদ্দ ৪৭ শতাংশ বাড়াল রাজ্য সরকার। বাজেট ঘোষণা অনুযায়ী, প্রাথমিক স্তরে মিড-ডে মিলের জন্য মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। এছাড়া কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলোতে উন্নত মানের খাবার পরিবেশনের লক্ষ্যে ‘ইসকন’-এর সঙ্গে যৌথ উদ্যোগে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি এই প্রকল্পের সঙ্গে যুক্ত রাঁধুনি ও সহায়িকাদের মাসিক সাম্মানিকও এক হাজার টাকা বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যেও একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে রাজ্য। প্রতিটি অঙ্গনওয়াড়ি, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে গ্যাস সংযোগ ও সোলার প্যানেল বসানো হবে। একই সঙ্গে পড়ুয়াদের জন্য বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করতে ওয়াটার পিউরিফায়ার বসানো এবং প্রতিটি স্কুলে বাসনপত্রসহ বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক পাখার ব্যবস্থাও করা হবে। রাজ্যের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পড়ুয়াদের স্বাস্থ্যকর ও উন্নতমানের পরিষেবা প্রদানের পাশাপাশি সামগ্রিক স্কুল পরিকাঠামোর উন্নয়ন নিশ্চিত করা।