সঙ্গ ছাড়ছেন শরিকরা, নিঃসঙ্গ স্ট্যালিন কি এবার বিজেপির পথে!
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল না মেলায় রাজনৈতিকভাবে কোণঠাঁসা হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ভোটের ফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছে ডিএমকে নেতৃত্বাধীন জোট ভাঙার প্রক্রিয়া। কংগ্রেস, সিপিআই, সিপিএম এবং মুসলিম লিগের পর এবার দীর্ঘদিনের শরিক এমডিএমকেও আনুষ্ঠানিকভাবে জোট ছাড়ার ঘোষণা দিয়েছে। এই ধারাবাহিক শরিক-বিদায়ের ফলে ডিএমকে এখন কার্যত নিঃসঙ্গ ও রাজনৈতিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে।
গত ৯ বছর সেকুলার প্রোগ্রেসিভ অ্যালাইন্সের অংশ থাকা এমডিএমকে-র জোট ছাড়ার পেছনে উঠে এসেছে যথাযথ সম্মান না পাওয়ার অভিযোগ। দলটির নেতা ভাইকোর দাবি, জোটের অন্যতম শরিক হওয়া সত্ত্বেও বিধানসভা নির্বাচনে তাঁদের মাত্র চারটি আসন দেওয়া হয় এবং ডিএমকের প্রতীকে লড়তে বাধ্য করা হয়। রাজনৈতিক মহলের ধারণা, ভাইকোর দল এখন অভিনেতা বিজয়ের সঙ্গে হাত মেলাতে পারে, যা ডিএমকের পেরিয়ারবাদী ভোটব্যাংকের জন্য বড় চ্যালেঞ্জ। এদিকে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে স্ট্যালিন এনডিএ শিবিরের দিকে ঝুঁকতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে, যা তামিল ও জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।