রাজ্যের ৫১ আইটিআই এবার বেসরকারি হাতে, কর্মসংস্থানে নতুন দিশা!
রাজ্যের শিক্ষাক্ষেত্রে পরিকাঠামো ও পঠনপাঠনের মানোন্নয়ন নিশ্চিত করতে ৫১টি সরকারি আইটিআই কলেজের দায়িত্ব বেসরকারি বাণিজ্যিক সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কলকাতায় বেঙ্গল চেম্বার অফ কমার্সে পঞ্চম বিশ্ব এমএসএমই দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা করেছেন রাজ্যের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। এই উদ্যোগের মাধ্যমে টাটার মতো প্রথম সারির কর্পোরেট সংস্থাগুলির সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যজুড়ে আইটিআই কলেজগুলির আধুনিকীকরণ করা হবে।
‘প্রধানমন্ত্রী সেতু’ যোজনার আওতায় বাস্তবায়িত এই কার্যক্রমে বিপুল পুঁজি বিনিয়োগের মাধ্যমে আইটিআই কলেজগুলোর মান উন্নত করা হবে। এর ফলে কারিগরি শিক্ষায় শিক্ষিত ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এই লক্ষ্য পূরণে শিল্পপতি ও বণিক সভাগুলোকে রাজ্যে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি পুঁজির প্রবাহ বাড়িয়ে শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করাই সরকারের এই পরিকল্পনার মূল উদ্দেশ্য।