মমতাকে বিদায়! ঋতব্রতর হাত ধরে শুভেন্দুর দরজায় জ্যোতিপ্রিয়?
তৃণমূল ছেড়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে জ্যোতিপ্রিয় মল্লিক, রাজনৈতিক মহলে জল্পনা
দীর্ঘদিনের সঙ্গী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের আস্থাভাজন নেতা জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করার পর রাজ্য রাজনীতিতে তুঙ্গে উঠেছে জল্পনা। রেশন দুর্নীতি মামলায় জেল খেটে আসার পর এবং গত বিধানসভা নির্বাচনে হারের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ওপর আস্থা বজায় রেখেছিলেন। তবে সেই সম্পর্কের ইতি ঘটিয়ে এবার নতুন রাজনৈতিক পথে পা বাড়ালেন এই হেভিওয়েট নেতা।
দল ছাড়ার পর এদিন জ্যোতিপ্রিয় মল্লিক বিধানসভায় গিয়ে দীর্ঘদিনের ‘বিদ্রোহী’ নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন এবং তাঁদের মধ্যে একপ্রস্ত আলোচনা হয়। এরপর ঋতব্রতকে সঙ্গে নিয়ে তিনি সরাসরি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তরের দিকে যাত্রা করেন। তবে সূত্রের খবর, এদিন তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ সম্ভব হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো ঘনিষ্ঠ নেতাদের পর্যায়ক্রমে ঋতব্রত শিবিরে ঝুঁকে পড়া এবং জ্যোতিপ্রিয় মল্লিকের এই পদক্ষেপ বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।