লন্ডনে বড় ধাক্কা নীরব মোদীর, ফেরাতে হবে ১০০ কোটি টাকা!

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি-কাণ্ডে অভিযুক্ত পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীকে লন্ডনের এক আদালত ১০.৭ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০০ কোটি টাকা) ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে পরিশোধ করার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার লন্ডন সার্কিট কমার্শিয়াল কোর্টের বিচারপতি সাইমন টিঙ্কলার নীরব মোদীর সমস্ত আপত্তি খারিজ করে এই রায় দেন। ২০১২ সালে দুবাইয়ের একটি সংস্থাকে দেওয়া ঋণের ব্যক্তিগত গ্যারান্টার ছিলেন নীরব মোদী। ২০১৮ সালে জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাঙ্ক ঋণের টাকা ফেরতের দাবি জানালে তিনি তা এড়িয়ে যান।

আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, নীরব মোদীকে বিধি মোতাবেক ঋণের নোটিস পাঠানো হয়েছিল, যা তিনি পাননি বলে দাবি করলেও তা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। এমনকি ২০২৫ সালের নোটিসটি তাঁর জেলের ঠিকানাতেও পৌঁছানো হয়েছিল। আদালতে উপস্থিত তথ্য অনুযায়ী, ২০১৮ সালের একটি ই-মেলে নীরব মোদী নিজেই স্বীকার করেছিলেন যে, দুবাইয়ের ওই সংস্থাটির বর্তমান অবস্থায় ব্যাঙ্কের বকেয়া শোধ করা কঠিন। এই সমস্ত তথ্য পর্যালোচনার পর বিচারপতি সাইমন টিঙ্কলার মূল ঋণের ৪.১ মিলিয়ন ডলার এবং নির্ধারিত সুদসহ মোট ১০.৭ মিলিয়ন ডলার ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে অবিলম্বে পরিশোধ করার চূড়ান্ত নির্দেশ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *