বিয়ের টোপ দিয়ে সহবাস, আইপিএল তারকার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ডাক্তারি ছাত্রীর!
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে হুগলির এক রঞ্জি তথা আইপিএল ক্রিকেটারের বিরুদ্ধে মগরা থানায় মামলা দায়ের করেছেন এক ডাক্তারি ছাত্রী। মঙ্গলবার ওই তরুণী তাঁর মাকে সঙ্গে নিয়ে থানায় উপস্থিত হয়ে এই লিখিত অভিযোগ জানান। তরুণীর ভাষ্যমতে, অভিযুক্ত ওই ক্রিকেটারের সঙ্গে তাঁর প্রায় সাড়ে তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল এবং তাঁদের বিয়ের কথাবার্তাও পাকা ছিল। এর আগে বছর দেড়েক আগেও তাঁদের মধ্যে বিবাদ হওয়ায় বিষয়টি থানায় গড়ালেও সে সময় কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। বর্তমানে ওই তরুণী কর্নাটকে ডাক্তারি পড়ছেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। গুরুত্ব বিবেচনা করে হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুঁয়ার ভূষণ সিং মগরা থানায় পৌঁছে ডিএসপি ক্রাইম এবং মগরার আইসি-র সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন এবং তদন্তের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। পুলিশ ঘটনার সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করেছে। অন্যদিকে, অভিযুক্ত ক্রিকেটার অভিযোগটি সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন। বর্তমানে ভিনরাজ্যে ছুটিতে থাকা ওই ক্রিকেটার এই বিষয়ে কোনো বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।