মদ আর পর্নোগ্রাফির নেশায় ১২ বছরের শিশুর নৃশংসতায় কেঁপে উঠল দেশ!
উত্তরপ্রদেশের গুলা রিহা থানা এলাকায় ৯ মাসের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে ১২ বছর বয়সি এক নাবালককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে মায়ের পাশ থেকে ঘুমন্ত অবস্থায় ওই শিশুকে তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার আত্মীয় ওই নাবালকের বিরুদ্ধে। শনিবার সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে একটি মাঠের টিনের চালার নিচে অচৈতন্য ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বিআরডি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছে নির্যাতনের শিকার শিশুটি।
পুলিশি জেরায় অভিযুক্ত নাবালক তার অপরাধ স্বীকার করেছে। তদন্তে উঠে এসেছে, ঘটনার রাতে মদ্যপ অবস্থায় সে মোবাইল ফোনে একাধিক পর্নোগ্রাফিক ভিডিও দেখেছিল, যা থেকে প্ররোচিত হয়েই সে এই নৃশংস কাণ্ড ঘটায়। পুলিশ ধৃতের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করে সেটিতে ৫০টিরও বেশি অশ্লীল ভিডিও এবং গত কয়েক দিনে ১০০টিরও বেশি পর্নোগ্রাফিক ওয়েবসাইট সার্চের প্রমাণ পেয়েছে। পকসো (POCSO) আইনসহ সংশ্লিষ্ট ধারায় ধৃতের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।