বিশ্বভারতীতে প্রথমবার ছাগল পালন, গবেষণায় আসছে বড় চমক!
বিশ্বভারতীর পল্লীশিক্ষা ভবনের উদ্যোগে প্রথমবারের মতো উন্নত প্রজাতির ছাগল পালন এবং একটি পূর্ণাঙ্গ গবেষণাকেন্দ্র গড়ে তোলা হচ্ছে। শ্রীনিকেতনের গোশালার সাফল্যের ধারাবাহিকতায় ডেইরি প্রকল্পের পাশাপাশি এই ‘গোট ইউনিট’ চালু করার পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রকল্পের আওতায় উত্তরপ্রদেশের মথুরা থেকে যমুনাপুরি ও বারবারি প্রজাতির মতো উন্নত জাতের ছাগল আনা হবে।
সর্বভারতীয় স্তরের গবেষণার সুযোগ তৈরি এবং স্থানীয় কৃষকদের স্বনির্ভর করে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। নতুন ইউনিটের জন্য উত্তরপ্রদেশের ঝাঁসি থেকে বিশেষ ধরনের ঘাস ও খাদ্যশস্যের বীজ আনা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় পরিবেশের উপযোগী উন্নত ছাগল পালন পদ্ধতির ওপর গবেষণার পাশাপাশি কৃষকদের প্রযুক্তিগত প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে। শ্রীনিকেতনের গোশালার উৎপাদিত দুধ যেভাবে শিক্ষার্থীদের পুষ্টি জোগাচ্ছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে বিশ্ববিদ্যালয় আরও বিভিন্ন কৃষি ও পশুপালন সংক্রান্ত উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করবে।