শুভেন্দু সরকারের প্রথম বাজেট আজ, উত্তরবঙ্গে কি পূরণ হবে সব স্বপ্ন!
সোমবার বিধানসভায় পেশ হতে চলেছে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ অর্থবাজেট। মন্ত্রিসভার বৈঠকের পর দুপুর ২টোর সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই বাজেট পেশ করবেন। নতুন সরকারের প্রথম বাজেট হওয়ায় এটিকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দিকে নজর রয়েছে সাধারণ মানুষের।
উত্তরবঙ্গের অর্থনীতি অনেকাংশে চা-শিল্পের ওপর নির্ভরশীল হওয়ায়, বন্ধ চা বাগান খোলা এবং শ্রমিকদের সামাজিক সুরক্ষার জন্য এই বাজেটে বিশেষ বরাদ্দের আশা করা হচ্ছে। পাশাপাশি, সেবকের দ্বিতীয় সেতু নির্মাণ এবং প্রস্তাবিত ছয় লেনের সড়ক প্রকল্প বাস্তবায়নের দাবিও জোরালো হয়েছে। এছাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, বেকারত্ব দূর করতে নতুন শিল্প স্থাপন ও বিনিয়োগ, এবং সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলো এই বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।