গা ঢাকা দিয়েও শেষরক্ষা হলো না, জনরোষ ও ডিমের বৃষ্টিতে নাজেহাল প্রাক্তন বিধায়ক!
ত্রাণ সামগ্রী আত্মসাৎ ও অস্ত্র আইনে দায়ের করা মামলায় গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়কে ঘিরে সোমবার ধনিয়াখালি থানা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ট্রানজিট রিমান্ড শেষে তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করার জন্য থানা থেকে বের করার সময় একদল বিক্ষুব্ধ জনতা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। এসময় বিক্ষোভকারীরা তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন এবং ‘চোর’ স্লোগান দিয়ে জুতোর মালা প্রদর্শন করেন। পরিস্থিতির অবনতি হতে আঁচ করে পুলিশ দ্রুত তাঁকে প্রিজন ভ্যানে তুলে এলাকা থেকে সরিয়ে নেয়।
গত ১১ জুন ধনিয়াখালির কোটালপুর এলাকায় প্রাক্তন বিধায়কের বাড়ি সংলগ্ন একটি কলেজ থেকে সরকারি লোগোযুক্ত বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়। এরপর থেকে পলাতক রামেন্দু সিংহ রায় ওড়িশা, বিশাখাপত্তনম ও হায়দরাবাদ হয়ে কর্নাটকে গিয়ে আত্মগোপন করেন। তদন্তকারীদের চোখ ফাঁকি দিতে তিনি সেসময় ফিচার ফোন ব্যবহার করছিলেন। গত ১৯ জুলাই কর্নাটকের সাহাপুর এলাকা থেকে পুলিশের বিশেষ দল তাঁকে গ্রেফতার করে এবং রবিবার রাতে ধনিয়াখালি থানায় নিয়ে আসে। এই ঘটনাক্রমকে কেন্দ্র করে হুগলি জেলা জুড়ে শাসক ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন ও অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।