ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনা, ট্যাঙ্কারের ধাক্কায় পিষ্ট তীর্থযাত্রীদের গাড়ি!
বর্তমান ডেস্কঃ
অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৮ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে ন্যাশনাল হাইওয়ে ১৬৭-এ ধর্মপুর টোল প্লাজার কাছে তীর্থযাত্রীবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। মৃতদের মধ্যে ৫ জন মহিলা, ২ জন পুরুষ এবং ৩ বছর বয়সী এক শিশু রয়েছে। দুর্ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, কর্নাটকের ২১ জন যাত্রী ভ্যানটিতে করে মন্দিরে যাওয়ার সময় এই বিপত্তি ঘটে। ধাক্কার তীব্রতায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্যাঙ্কারটি উল্টে পড়ে। আহতদের উদ্ধার করে স্থানীয় ও কুর্নুলের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের প্রাথমিক অনুমান, উচ্চ গতি বা চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।