পুরুলিয়া পুরসভার প্রশাসকমণ্ডলী বাতিল, বড় ধাক্কা খেল রাজ্য সরকার!
কলকাতা হাই কোর্টের এক গুরুত্বপূর্ণ রায়ে পুরুলিয়া পুরবোর্ডের প্রশাসক পদ খারিজ করে দেওয়া হয়েছে। বিচারপতি রাজা বসু চৌধুরি জানিয়েছেন, আইন মেনে পুরবোর্ড ভাঙা হয়নি। আদালতের এই নির্দেশের ফলে পুরুলিয়া পুরসভা তার পূর্ববর্তী অবস্থায় ফিরে যাচ্ছে এবং প্রাক্তন পুরপ্রধান নবেন্দু মাহালি-সহ অন্য কাউন্সিলররা তাঁদের পদ ফিরে পাওয়ার আইনি অধিকার পেলেন। দুটি পৃথক রিট পিটিশনের দীর্ঘ শুনানির পর আদালত এই রায় প্রদান করেছে।
২০২৫ সালের ১৬ ডিসেম্বর পুরুলিয়া পুরবোর্ড ভেঙে সেখানে সরকারি প্রশাসক নিয়োগ করেছিল তৎকালীন সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রবিশঙ্কর দাস এবং প্রাক্তন পুরপ্রধান নবেন্দু মাহালি। মামলাকারীদের দাবি ছিল, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই বোর্ড ভেঙে দেওয়া হয়েছিল। অন্যদিকে, সে সময় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, নাগরিক পরিষেবা ও সাফাই ব্যবস্থার অবনতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আদালত উভয় পক্ষের সওয়াল শোনার পর বোর্ড ভাঙার প্রক্রিয়াটিকে বেআইনি বলে চিহ্নিত করেছে।